বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সিলেটে মিলবে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ

মোঃ পাবেল আহমদ / ১১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
সিলেটে মিলবে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ

সিলেটের দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং রোগ নির্ণয়ের সুযোগ দিতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেটারনাল এইড অ্যাসোসিয়েশন (এমএএ)।এ লক্ষ্যে বুধবার (১২ আগস্ট) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবনের সভাকক্ষে সংস্থাটির সঙ্গে সিসিকের একটি চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, নগরীর কুমারপাড়ায় সিটি করপোরেশন পরিচালিত উসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে মেটারনাল এইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে। এর আওতায় বিশেষ করে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ এবং বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও দেওয়া হবে।

চুক্তিতে সিলেট সিটি করপোরেশনের পক্ষে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মেটারনাল এইড অ্যাসোসিয়েশনের পক্ষে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. অখিল জায়গীরদার স্বাক্ষর করেন।মেটারনাল এইড অ্যাসোসিয়েশন উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে মাতৃমৃত্যু কমানো এবং প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে নিবন্ধিত এই অলাভজনক সংস্থাটি চুক্তির মাধ্যমে সিলেটে তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করছে।

চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অর্থের অভাবে যেসব দরিদ্র মা চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা এই হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও রোগ নির্ণয়ের পরীক্ষা করাতে পারবেন।

দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসায় মেটারনাল এইড অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। একই সাথে এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের প্রতি আহ্বান জানান সিসিক প্রশাসক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, মেটারনাল এইড অ্যাসোসিয়েশনের বৈশ্বিক দূত ও উপদেষ্টা অধ্যাপক শাহাগীর বক্ত ফারুক, সিলেট বিভাগীয় প্রধান ডা. ফয়জুল হাসান চৌধুরী, অপারেশন ম্যানেজার ডা. শাহনেওয়াজ ফুয়াদ, লজিস্টিক ম্যানেজার ডা. দুর্জয় রায় এবং মেডিকেল কলেজ সমন্বয়ক ডা. আব্দুস শাকুর স্বপন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর