মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সিলেটে হাম পরিস্থিতি ভয়াবহ, আরও ২ শিশুর মৃত্যু

ডেস্ক / ২৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো আরও ২ শিশুর

সিলেট বিভাগে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৫ জন। এর মধ্যে সন্দেহজনক হাম উপসর্গে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্য নিশ্চিত করেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৮ আগস্টের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩২০, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১১৫ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে ৪৫ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে, ১২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং তিনজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন হবিগঞ্জের তাসমিন। তার বয়স ৬ মাস ৮ দিন। অপরজন বিশ্বনাথের ৯ মাস বয়সী শিশু। প্রতিবেদনে শিশু দুটির চিকিৎসা নেওয়া হাসপাতালসহ অন্যান্য তথ্যও উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৮, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১২ এবং সুনামগঞ্জে ৫৪ জন মারা গেছেন।অন্যদিকে, নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেটে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজন মারা গেছেন। অর্থাৎ সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে।

এক দিনে ১১৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিস্থিতির উদ্বেগ আরও বেড়েছে। বর্তমানে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এতে হাসপাতাল দুটিতে রোগীর চাপও অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর