হবিগঞ্জের চুনারুঘাটে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুজন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামণ্ডল গ্রামের বাসিন্দা। তিনি রাকি গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রাকি গ্রামের একটি ধানখেতে সুজন মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরে খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।
সুজন মিয়ার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।