বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন প্রাইমারি শাখায় মা সমাবেশ, আলোচনা সভা ও মায়েদের সম্মাননা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীনের সার্বিক সহযোগিতায় এবং সহকারী শিক্ষিকা উমামা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. তাহারাত ফাতেমা চৌধুরী।

সন্তানের জীবনে মায়ের ভূমিকা ও শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিক অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, সহকারী শিক্ষিকা তামান্না-ই-ফেরদৌস চৌধুরী।

বক্তারা বলেন, একটি শিশুর নৈতিক, মানসিক ও শিক্ষার প্রাথমিক ভিত গড়ে ওঠে পারিবারিক পরিবেশে। বিশেষ করে সন্তানদের পড়াশোনা, সুন্দর আচরণ, মানবিক মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে মায়েদের সবচেয়ে বেশি সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় জোরদার করার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মায়েদের সাথে শিক্ষকমণ্ডলী খোলামেলা মতবিনিময় করেন। এ সময় মায়েদের বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।অনুষ্ঠানের শেষ অংশে মায়েদের অবদানের স্বীকৃতিস্বরূপ উপস্থিত মায়েদের মাঝে বিশেষ সম্মাননা উপহার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর