হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন গহিন অরণ্যে অভিযান চালিয়ে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৯৭৮ হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বনের ভেতর মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক ধারণা, ডাকাতি বা বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব অস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গত তিন মাসে ৫৫ বিজিবির অভিযানে সাতছড়ি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, মদ ও গরু জব্দ করা হয়েছে।