আগের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে না থাকার হতাশা ভুলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাঁর জয়সূচক গোলেই আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে আল নাসর।ঘরের মাঠে ম্যাচের শুরুতেই হোঁচট খেয়েছিল আল নাসর। একাদশ মিনিটে সফরকারী আল তাউন গোল করে এগিয়ে যায়। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সামু কস্তার লক্ষ্যভেদে সমতায় ফেরে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে (৫০ মিনিটে) নির্ণায়ক গোলটি করেন রোনালদো। ডি-বক্সের ভেতর থেকে মোহামেদ সিমাকানের শট গোললাইনের দিকে যাওয়ার পথে কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে পৌঁছে দেন তিনি।সৌদি প্রো লিগের চলতি মৌসুমে ৩ ম্যাচে এটি রোনালদোর দ্বিতীয় গোল। এর মাধ্যমে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা পেশাদার ক্যারিয়ারে মোট ৯৭৮টি গোলের মাইলফলক স্পর্শ করলেন—যা তাঁকে ঐতিহাসিক ১,০০০ গোলের লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে গেল।
লিগ শিরোপা ধরে রাখার মিশনে প্রথম চার ম্যাচের চারটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে আল নাসর।