শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বদ্ধ ঘর থেকে মিলল কলেজছাত্রীর মরদেহ

ডেস্ক / ১৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জামালপুরে বদ্ধ ঘর থেকে মিলল কলেজছাত্রীর মরদেহ

জামালপুর শহরের একটি ভাড়া বাসার বদ্ধ কক্ষ থেকে ইসরাত জাহান রিমা (২৫) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রিমা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি গ্রামের মো. রশিদুজ্জামান মণ্ডল ও সাহিদা বেগমের মেয়ে। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজনদের দাবি, ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভকে গোপনে বিয়ে করেন রিমা। বিষয়টি জানাজানি হওয়ার পর শুভর পরিবারের সদস্যরা এ বিয়ে মেনে নেননি বলে অভিযোগ রয়েছে। পরে শুভকে অন্যত্র বিয়ে দেওয়া হলেও রিমার সঙ্গে তার যোগাযোগ ও একসঙ্গে বসবাস অব্যাহত ছিল বলে পরিবারের সদস্যরা জানান।

পরিবারের সদস্যরা আরও জানান, একপর্যায়ে শুভকে কম্বোডিয়ায় পাঠানো হয়। তবে ভিসা-সংক্রান্ত জটিলতায় তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পরও রিমার সঙ্গে তার সম্পর্ক বজায় ছিল। গত সপ্তাহেও তারা একসঙ্গে ছিলেন।কয়েকদিন ধরে রিমার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না স্বজনেরা। পরে শুক্রবার রাতে তার মৃত্যুর খবর পান তারা।স্বজনদের অভিযোগ, সম্পর্ক বিচ্ছিন্ন করতে শুভর পরিবারের পক্ষ থেকে রিমার ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রিমা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মনোয়ার হুসেন মুরাদ বলেন, ‘খবরটি শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। রিমা আমাদের বিভাগের একজন শিক্ষার্থী ছিল। তার এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এখনো পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটন হোক এবং সত্য সামনে আসুক, সেটিই প্রত্যাশা।’

এ বিষয়ে জামালপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে বদ্ধ কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর