ফিফার বহুল আলোচিত দুর্নীতি মামলায় ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’র দুই কর্তা হুগো জিংকিস ও তার ছেলে মারিয়ানো জিংকিস। বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা মার্কিন কর্তৃপক্ষের কাছে স্বীকার করেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে দাখিল করা নথিতে বিষয়টি উঠে এসেছে। মার্কিন প্রসিকিউটরদের সাথে করা এক সমঝোতার আওতায় ফিফা, কনকাক্যাফ ও কনমেবলকে প্রতারণার ষড়যন্ত্রে নিজেদের দায় স্বীকার করেছেন বাবা-ছেলে। এর বিনিময়ে তাদের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
সমঝোতার শর্ত অনুযায়ী, জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।আদালতের নথি অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো বড় প্রতিযোগিতার সম্প্রচার ও বিপণন স্বত্ব নিজেদের নিয়ন্ত্রণে নিতে ফুটবল কর্মকর্তাদের বিপুল অঙ্কের বাণিজ্যিক ঘুষ দেওয়া হয়েছিল।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআইয়ের অভিযানে ফিফা, কনকাক্যাফ ও কনমেবলের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর বিশ্ব ফুটবলের দুর্নীতি কেলেঙ্কারি সামনে আসে। সেই ঘটনায় অন্যতম আলোচিত নাম ছিল ‘ফুল প্লে’র সহ-মালিক হুগো ও মারিয়ানো জিংকিস।দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বাবা-ছেলের এই স্বীকারোক্তির মধ্য দিয়ে ফিফা দুর্নীতি কেলেঙ্কারির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নিষ্পত্তি হলো।