সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১২) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হবে।