মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত বাণিজ্যিক এলাকা কোতারায়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির যৌথ বাহিনী।রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়। বেআইনিভাবে ব্যবসা পরিচালনা, অনাকাঙ্ক্ষিত জনসমাগম এবং বৈধ কাগজপত্র না থাকার মতো বিষয়গুলো খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হয়।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, অভিবাসন বিভাগ, সিটি করপোরেশন (ডিবিকেএল), ফায়ার সার্ভিস, জাতীয় নিবন্ধন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত ৩৩৭ সদস্যের একটি যৌথ দল অভিযানে অংশ নেয়।অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ৪৭২ জনের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। বাংলাদেশি ৩৬৪ জনের বাইরে আটক ব্যক্তিদের মধ্যে মায়ানমারের ৫৭ জন, ফিলিপাইনের ৯ জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের ৭ জন করে, ভারতের ৬ জন, চীনের ৩ জন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।
মাঠপর্যায়ের তদন্তে দেখা গেছে, পরীক্ষাকৃত অধিকাংশ প্রবাসীর বৈধ কাগজপত্র ছিল। তবে নির্দিষ্ট কিছু আইন ও শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের সাময়িকভাবে আটক করা হয়। বিশেষ করে বৈধ অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে স্থানীয় সিটি করপোরেশন (ডিবিকেএল) পৃথক আইনি ব্যবস্থা নেবে।
প্রাথমিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।এদিকে অনিয়মিত প্রবাসীদের সতর্ক করে অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ বলেন, অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসীদের দেশটির ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম) ব্যবহার করে দ্রুত নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।