সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

লাক্কাতুরা চা বাগানে ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস এবং ভয়েস অব ভিয়েতনামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ পাবেল আহমদ / ২৪ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটে শিশু শিক্ষার্থীদের নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত, কমিউনিস্ট কিংবদন্তি নেতা হো চি মিনের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস এবং ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি) এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সিলেট সিটির উপকন্ঠে সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের সহযোগিতায় এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর নেতৃত্বে স্কুলের শিশু শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়, ছবি তোলা, চকলেট বিতরণ এবং তাদের মিষ্টি মুহূর্তগুলোর সাথে আনন্দ ভাগাভাগি করেন, বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR)। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সদস্য অষ্টমী লোহার।

অতিথি ও ক্লাব নেতৃবৃন্দ ভিয়েতনামের এই বিশেষ মাইলফলক উপলক্ষে ভিয়েতনামের নাগরিক এবং ভয়েস অব ভিয়েতনামের সকল কর্মকর্তা, কলাকুশলী এবং শ্রোতাদের লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রীয় ভাবে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশ আরো ইতিবাচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক এই প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।

দুই দেশের রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বেতার, শ্রোতা ও শ্রোতা ক্লাব নিয়ে একটি মৈত্রী সেতু তৈরীর আহবান জানান নেতৃবৃন্দ। এটি বাস্তবায়িত করা গেলে ভিয়েতনাম এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, লোকসংগীত এবং জীবনধারা দুই দেশের সাধারণ মানুষের কাছে আরও সহজ ও আকর্ষণীয় উপায়ে পৌঁছানো যাবে। উন্নয়নমূলক কর্মকাণ্ড, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার খবর উভয় ভাষায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বৃদ্ধি পাবে। দুই দেশের বেতার প্রকৌশলী, সাংবাদিক, উপস্থাপক এবং শ্রোতা ও সংগঠকদের পারস্পরিক দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য যৌথ কর্মশালা বা অনুষ্ঠান নির্মাণের সুযোগ তৈরি হবে। এই কোলাবরেশন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি সম্ভাবনাময় দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর হ্যানয়ের বা দিন স্কয়ারে প্রেসিডেন্ট হো চি মিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনামের (বর্তমানে সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম) যাত্রা শুরু হয়। একই বছর ৭ই সেপ্টেম্বর, সকাল ১১:৩০ মিনিটে ভয়েস অব ভিয়েতনাম তার প্রথম অনুষ্ঠান সম্প্রচার করে। “এটি ভিয়েতনামের কণ্ঠস্বর” এই ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর হো চি মিন কর্তৃক পঠিত স্বাধীনতার ঘোষণাপত্র এবং ভিয়েতনামী, ফরাসি ও ইংরেজি ভাষায় সংবাদ বুলেটিন সম্প্রচার করা হয়। গণতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের শুরুর দিনগুলিতে প্রথম সম্প্রচার থেকে, ভয়েস অব ভিয়েতনাম ক্রমাগত বিকশিত হয়ে একটি জাতীয় মাল্টিমিডিয়া সংবাদ সংস্থায় পরিণত হয়েছে এবং বহু ঐতিহাসিক কালপর্বে দেশটির সঙ্গী হয়েছে।


এই বিভাগের আরো খবর