বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস এবং ভিয়েতনামের জাতীয় বেতার ও মাল্টিমিডিয়া সম্প্রচার সংস্থা ‘ভয়েস অব ভিয়েতনাম’ (VOV)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৪৫ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়া এই গৌরবময় প্রতিষ্ঠানটি চলতি বছরের ৭ সেপ্টেম্বর সফলতার সাথে তার ৮১ বছর পূর্ণ করল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর নির্দেশনায় সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামে মরহুম সামশুল আলমের বাসভবনে এক মতবিনিময় সভা ও প্রীতি চা-চক্রের আয়োজন করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর মহাসচিব ও লেখক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে এতে অংশ নেন, লেখক ও গ্রন্থকার মুফতি মোহাম্মদ সালেহ সুফিয়ান ফরহাদাবাদী, শিক্ষক মোহাম্মদ এরশাদুল মোস্তফা, হযরত রুস্তম শাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মাহমুদ হায়দার জীবন, সংগঠক সৈয়দ মোহাম্মদ মুসা খান, কবি ও লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন, বড় হাফেজ (রহ.) জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, রাহুল দাশ, মোহাম্মদ সাইফুল ইসলাম, গোপাল দত্ত, মোহাম্মদ মিজানুর রহমান, নুরুল আলম ইয়াছিন প্রমুখ।
মতবিনিময় সভায় ভিয়েতনামের দীর্ঘ আট দশকের গৌরবময় পথচলার কথা স্মরণ করে বক্তারা উল্লেখ করেন, ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর হ্যানয়ের বা দিন স্কয়ারে প্রেসিডেন্ট হো চি মিন কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনামের (বর্তমানে সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম) যাত্রা শুরু হয়। এবং তার ঠিক পাঁচ দিন পর, ৭ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে “দিস ইজ দ্য ভয়েস অব ভিয়েতনাম…” ঐতিহাসিক এই ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রথম আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত এই পরিচিত সূচনাবাক্যটি অপরিবর্তিত রয়েছে। ১৯৪৫ সালের আগে ভিয়েতনামীদের রেডিও রিসিভার রাখা নিষিদ্ধ ছিল এবং সম্প্রচার ফরাসি ঔপনিবেশিক সরকারের নিয়ন্ত্রণে ছিল, যারা ১৯২০-এর দশকের শেষের দিকে ভিয়েতনামে প্রথম রেডিও স্টেশন, ”রেডিও সাইগন” প্রতিষ্ঠা করেছিল। গণতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের শুরুর দিনগুলিতে প্রথম সম্প্রচার থেকে ভয়েস অব ভিয়েতনাম ক্রমাগত বিকশিত হয়ে কেবল একটি ঐতিহ্যবাহী বেতার সংস্থাই নয়, বরং এটি একটি আধুনিক ও শক্তিশালী জাতীয় মাল্টিমিডিয়া সংবাদ সংস্থায় রূপ নিয়েছে। এবং বহু ঐতিহাসিক কালপর্বে দেশটির সঙ্গী হয়েছে। সমুদ্র উপকূল থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত শক্তিশালী তরঙ্গের মাধ্যমে এটি ভিয়েতনামের মূল ভূখণ্ড ছাড়িয়ে দূরবর্তী দ্বীপ, সমুদ্রের বুক এবং আন্তর্জাতিক অঙ্গনে বস্তুনিষ্ঠ সংবাদ ও ভিয়েতনামের সংস্কৃতি পৌঁছে দিচ্ছে।
আলোচনা সভায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর নেতৃবৃন্দ ভয়েস অব ভিয়েতনামের বস্তুনিষ্ঠ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ভিয়েতনামের নাগরিক এবং ভয়েস অব ভিয়েতনামের সকল কর্মকর্তা, কলাকুশলী ও শ্রোতাদের লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের চা-নাস্তা দিয়ে আপ্যায়ন করার মাধ্যমে এই আনন্দঘন মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।