দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়ার সংযোগস্থলে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র এবং চতুর্থ সর্বাধিক জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটে উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) শাহপরান সংলগ্ন গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় শিশুদের অংশগ্রহণে এই বিশেষ প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশে অবস্থানরত ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বেতারের শ্রোতারা, বিশেষ করে ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ (ভিওআই-এফসিবি) এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর শিশু সদস্যরা বর্ণাঢ্য আয়োজনে এই দিবসটি উদযাপন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উভয় ক্লাবের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল-এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। তিনি ২০১২ সালের এই সময়ে ইন্দোনেশিয়া সরকারের পর্যটন ও সৃজনশীল অর্থনীতি মন্ত্রণালয় এবং রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়া কর্তৃক আয়োজিত বিশ্বব্যাপী আন্তর্জাতিক কুইজ প্রতিযোগিতা “ওয়ান্ডারফুল ইন্দোনেশিয়া কুইজ ২০১২”-এর শীর্ষ বিজয়ী হওয়ার গৌরব অর্জনের স্বীকৃতিস্বরূপ ইন্দোনেশিয়া সরকারের বিশেষ আমন্ত্রণে ও সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া ভ্রমণের স্মৃতিচারণ করেন। তিনি ইন্দোনেশীয় সংস্কৃতির সঙ্গে শ্রোতাদের মেলবন্ধন দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিশুরা ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ‘ভয়েস অব ইন্দোনেশিয়া’ (VOI)-তে বাংলা ভাষার অনুষ্ঠান চালুর জন্য জোড়ালো আহ্বান জানান।
এসময় শিশু সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাফিউল ইসলাম হায়মন, প্রথম দাস রাজবীর, দৈপায়ন দাস, আবির হোসেন রিয়ান, আনাস বিন মুখলিছুর রহমান, রুহুল আমিন, তামজিদ আহমদ তানজিম, তাওফিক আহমদ তাহসিন, কাজী ইফতেকার উদ্দীন মাশফি, রাইসা তাবাসসুম জারা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান ও ভিওআই ফ্যান ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও যুগ্ম সম্পাদক বিদ্যাপ্রকাশ বাক্তী, বিকাশ রঞ্জন দাশ, সুমাইয়া আক্তার রিমা প্রমুখ।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়া রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (RRI) দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে বস্তুনিষ্ঠ সংবাদ, শিক্ষা ও সুস্থ বিনোদন পরিবেশন করে আসছে।