মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ সোনালি রঙের জার্সি পরে মাঠে নামবেন মেসি

স্পোর্টস ডেস্ক / ৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
‘লাস্ট ড্যান্সে’ বিশেষ সোনালি রঙের জার্সি পরে মাঠে নামবেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আনুষ্ঠানিক মুহূর্তে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন মহাতারকা লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নিজের বিদায়ী বা ‘লাস্ট ড্যান্স’ ম্যাচে তিনি এক বিশেষ ডিজাইনের জার্সি পরিধান করে মাঠে নামবেন।৩৯ বছর বয়সী এই আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই স্মরণীয় বিদায়ী জার্সির ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে আবেগঘন কণ্ঠে মেসি লেখেন—‘শেষ ম্যাচৃ সারা জীবনের জন্য একটি জার্সি।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিশ্বকাপজয়ী এই অধিনায়কের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে সম্মান জানাতেই এই বিশেষ জার্সিটি উন্মোচন করেছে। আর্জেন্টিনার ঘরের মাঠ ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচটিতে স্বাগতিক কিট বা ‘হোম জার্সি’ পরেই খেলবেন মেসিরা। তবে ঐতিহ্যবাহী আকাশী-সাদা স্ট্রাইপের এই জার্সিতে আনা হয়েছে আকর্ষণীয় রাজকীয় পরিবর্তন।

জার্সির পেছনের অংশে খেলোয়াড়ের নাম ও ঐতিহ্যবাহী ১০ নম্বরটি লেখা হয়েছে ঝলমলে সোনালি হরফে। এ ছাড়া জার্সির কলার এবং দুই হাতা জুড়ে দেওয়া হয়েছে সোনালি সীমানা বা আউটলাইন। জার্সির পিঠের ওপরের অংশে শোভা পাচ্ছে আর্জেন্টিনার জাতীয় পতাকার ঐতিহাসিক ও সূর্য-প্রতীক ‘সোল দে মায়ো’ (মে সূর্য)।

এর আগে গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগপূর্ণ সংকেতের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন মেসি। পরবর্তীতে এএফএ এবং বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর অনুরোধে মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার এই ঐতিহাসিক প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর