শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লাল কার্ড

স্পোর্টস ডেস্ক / ১৪ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লাল কার্ড

গোল করে উদযাপন করতে গিয়ে বিপাকে পড়েছেন ইসরায়েলের ফরোয়ার্ড সাইদ আবু ফারখি। অস্ট্রিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে গোলের পর কর্নার ফ্ল্যাগ তুলে বন্দুক দিয়ে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করায় তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি জর্জি কাবাকভ। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে হেডে ইসরায়েলকে সমতায় ফেরান ২০ বছর বয়সী আবু ফারখি।

গোলের পর কর্নার ফ্ল্যাগ তুলে সেটিকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। অথচ এর মাত্র চার মিনিট আগেই হলুদ কার্ড দেখেছিলেন এই ফরোয়ার্ড। উদযাপনের ঘটনায় বুলগেরিয়ার রেফারি জর্জি কাবাকভ তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

এরপর ১০ জনের ইসরায়েলকে চাপে ফেলে অস্ট্রিয়া। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে ফিলিপ মভেনে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। যোগ করা সময়ে সাসা কালাইদজিচের গোল হলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে অস্ট্রিয়া।


এই বিভাগের আরো খবর