গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে থানার সব ধরনের কার্যক্রম। গতকাল মঙ্গলবার রাত থেকে থানায় স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। থানার বিভিন্ন কক্ষে পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার, ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচের টুকরা ও পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে। পুরো ভবনজুড়েই হামলা ও অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন স্পষ্ট।
আজ দুপুর ১২টার দিকে থানায় গিয়ে দেখা যায়, ভবনের প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ থাকলেও তাতে তালা দেওয়া নেই। ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন দেখা যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষ। সেখানে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো পড়ে আছে। পাশেই রয়েছে আগুনে পুড়ে যাওয়া একটি রেফ্রিজারেটর।
ডিউটি অফিসারের কক্ষেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা কাচের টুকরা। একটি ডেস্কটপ কম্পিউটার ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশের হাজতখানার তালা ভাঙা এবং দরজা খোলা। ওসির কক্ষের পাশের উপপরিদর্শকদের (এসআই) কার্যালয়ের কম্পিউটারগুলোও ভাঙচুর করা হয়েছে। আগুনে পুড়ে গেছে বই, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র।
থানার দোতলায় পুলিশ সদস্যদের থাকার ব্যারাকেও একই অবস্থা দেখা গেছে। সেখানে পোশাক, তোশক, কম্বলসহ বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে। দুই উপপরিদর্শককে সাধারণ পোশাকে নিজেদের জিনিসপত্র খুঁজতে দেখা যায়। নিচতলাতেও দুই পুলিশ সদস্য একইভাবে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছিলেন।
থানার কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে দায়িত্ব পালন কীভাবে চলছে, তা জানতে দুপুর সাড়ে ১২টার দিকে ওসি ইমরানুল কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। পরে বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে যোগাযোগ করা হলেও তিনিও ফোন ধরেননি।
থানায় হামলার ঘটনার বর্ণনা দিয়ে এক পুলিশ সদস্য বলেন, গতকাল সন্ধ্যার দিকে আটজনকে গ্রেপ্তারের পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষুব্ধ লোকজনকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। একপর্যায়ে তারা থানায় এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
হামলার পর থানার যানবাহনগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে পুলিশের দুই সদস্য থানা থেকে দুটি ট্রাংক নিয়ে যান। আরেক সদস্য একটি পোড়া মোটরসাইকেল ভ্যানে করে সরিয়ে নেন।
এদিকে হামলার সময় থানা থেকে বেশ কিছু অস্ত্রও ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে এর মধ্যে কিছু অস্ত্র ইতিমধ্যে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, থানায় পুলিশের নিজস্ব অস্ত্রের পাশাপাশি সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র এবং অন্য জেলা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্রও রাখা ছিল। হামলার সময় এসব অস্ত্রের মধ্য থেকে বেশ কিছু নিয়ে যান বিক্ষোভকারীরা।
ওই কর্মকর্তা আরও জানান, পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে কিছু অস্ত্র ফেরত দিয়েছেন। এ ছাড়া কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে অল্প কয়েকটি অস্ত্র নিখোঁজ থাকতে পারে। তবে সব অস্ত্রের হিসাব ও গণনা শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া থানায় এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আটজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে থানায় জড়ো হয়ে হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় থানার বিভিন্ন কক্ষে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। ঘটনার পর থেকেই থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।