মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ইয়েমেন থেকে আক্রমণ আসার পর ইসরাইলের আকাশে সাইরেনের শব্দ

ডেস্ক রিপোর্ট / ৩২৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
ইয়েমেন থেকে আক্রমণ আসার পর ইসরাইলের আকাশে সাইরেনের শব্দ

গাজার আকাশে যখন অন্ধকার মেঘ জমেছে, যখন পৃথিবীর শক্তিশালী দেশগুলো হাত গুটিয়ে নিয়েছে, ঠিক তখনই নিজেদের ভেতরকার প্রতিরোধের আগুন নিভে যায়নি বলে জানান দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। শত্রুর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে তারা।

রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসরাইলের আকাশে সাইরেনের শব্দ বাজতে শোনা গেছে। এই সংকেত যেন জানান দিচ্ছে যুদ্ধের মেঘ আরও ঘন হচ্ছে। গাজার পরিস্থিতি আজ বিধ্বস্ত। এমন সময়, পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের মত একটি দুর্বল রাষ্ট্র, যারা নিজেরাই নানা সংকটের মুখোমুখি। এই দুর্বল রাষ্ট্রের দৃঢ়তা ও ন্যায্য অধিকারের প্রতি অটল সমর্থন প্রমাণ করে যে, যুদ্ধ কেবল মাত্র একটি অস্ত্রের লড়াইই নয়, বরং একটি আদর্শের লড়াইও।

এর আগে, ১৭ রমজান গাজায় নৃশংস হামলা চালিয়ে শিশুদের হত্যার পর ইসরাইলের নেভাতিম এয়ারবেসে হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। এদিকে, তাদের মুখপাত্র জানান, এই হামলা গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ও গাজা উপত্যকায় তাদের ভাইদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েকদিনের ভেতর যদি গাজায় ইসরাইলি বাহিনীর আক্রমণ বন্ধ না হয়, তবে তারা তাদের হামলা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, গাজায় তাদের ভাইদের গণহত্যা দেখার পর ইয়েমেন নিরব থাকবে না।

এছাড়াও তিনি বলেছেন, যতক্ষণ না এই অপরাধগুলো বন্ধ হয়, ততক্ষণ পর্যন্ত ইয়েমেনের প্রতিরোধ বাহিনী তাদের সমস্ত শক্তি ব্যবহার করে গাজাবাসীর জন্য সংগ্রাম চালিয়ে যাবে। এসময় তিনি যোগ করেন, তারা অপরাধী আমেরিকান শত্রুদের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাবে ও ইসরাইলি জাহাজ চলাচল প্রতিরোধ করবে, যতক্ষণ না আগ্রাসন ও অবরোধ বন্ধ হয় ও গাজা উপত্যকায় সহায়তা প্রেরণ করা হয়।

এদিকে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। অপরদিকে, ইয়েমেনও ঘোষণা দিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার ভেতর মার্কিন বিমানবাহী রণতরীতে সামরিক অভিযান চালানো হবে।

সম্প্রতি, ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে মার্কিন সেনা বাহিনীকে শক্তিশালী সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি, ইয়েমেনে ৫০টিরও বেশি মার্কিন বিমান হামলা হয়েছে। প্রতিরোধ বাহিনীর দাবি, বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন।

২০২৩ সাল থেকে গাজায় গণহত্যা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। ঠিক তখন থেকেই গাজাবাসীকে সমর্থন জানিয়ে তেল আবিব ও মার্কিনীদের মালবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। এই বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ যে, যতদিন পর্যন্ত গাজায় আক্রমণ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তারা তাদের অভিযান চালিয়ে যাবে।


এই বিভাগের আরো খবর