শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক / ৪৭ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৩ মে, ২০২৬
গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড পেতে হলে এখন নিজ দেশে ফিরে আবেদন করতে হবে। শুক্রবার (২২ মে) দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস নতুন এ নীতির ঘোষণা দিয়েছে। তবে, এ সিদ্ধান্তের সমালোচনা করেছে মানবাধিকার ও সহায়তাকারী সংগঠনগুলো।

নতুন নীতিমালায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অবস্থানরত কোনো বিদেশি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চাইলে তাকে নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইউএসসিআইএসের তত্ত্বাবধায়ক সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘এই নীতি অভিবাসন ব্যবস্থাকে আইনের উদ্দেশ্য অনুযায়ী পরিচালিত হতে সহায়তা করবে এবং ফাঁকফোকর ব্যবহারের প্রবণতা কমাবে।’

ইউএসসিআইএস এক নীতিগত স্মারকে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, কোনো বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রমী সুবিধা দেয়ার প্রয়োজন আছে কি না তা পৃথকভাবে বিবেচনা করতে হবে। সংস্থাটি আরও বলেছে, নতুন নীতির ফলে অন্যান্য আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য জনবল ও সম্পদ ব্যবহারের সুযোগ বাড়বে।

তবে শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী সংগঠন এইচআইএএস এ নীতির কড়া সমালোচনা করেছে। সংগঠনটির অভিযোগ, মানবপাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত বা অবহেলিত শিশুদেরও এখন সেই ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ফিরে যেতে বাধ্য করা হবে, যেখান থেকে তারা পালিয়ে এসেছিল।

বিশ্লেষকদের মতে, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন কঠোর করার ধারাবাহিক পদক্ষেপের অংশ। গত বছর ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সংবাদমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করেছে তারা।


এই বিভাগের আরো খবর