ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।সোমবার দেশটির পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যাত্রীবাহী একটি পিকআপ ট্রাক দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার বিকেলে জাভা দ্বীপের উত্তর উপকূলীয় মহাসড়কে ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান উন্দাং শরিফ হিদায়াত জানান, নিহত ও আহতরা পাশের পারিয়ান গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। তারা একটি খোলা পেছনের অংশের পিকআপ ট্রাকে করে যাচ্ছিলেন।
তিনি জানান, মহাসড়কে ইউ-টার্ন নেওয়ার জন্য একটি মিডিয়ান খোলার কাছে পিকআপটি গতি কমিয়ে থামলে পেছন থেকে একই দিক থেকে আসা একটি উইং-বক্স ট্রাক সেটিকে ধাক্কা দেয়।ধাক্কার পর পিকআপটি ছিটকে বিপরীত লেনে চলে যায়। সেখানে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে সেটির সংঘর্ষ হয়।
হিদায়াত বলেন, “ভয়াবহ সংঘর্ষের কারণে পিকআপে থাকা এক ডজনের বেশি যাত্রী ছিটকে মহাসড়কে পড়ে যান।”পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পাঁচজন আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।