বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

আর্জেন্টিনায় ফুটবল সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক / ২২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আর্জেন্টিনায় ফুটবল সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে। সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট—সবই ব্যবহার করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তবে এর সঙ্গে দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতার সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

স্বপ্নভঙ্গের বেদনা যেন মুহূর্তেই রূপ নেয় ক্ষোভে। স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনাল হারের পর হাজারো আর্জেন্টাইন সমর্থক জড়ো হন বুয়েনস আয়ার্সের প্রতীক ওবেলিস্ক চত্বরে। শুরুতে হতাশা প্রকাশে সীমাবদ্ধ থাকলেও, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও কাচের বোতল ছুড়ে মারতে শুরু করে। জবাবে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন পুলিশ সদস্যকে এক বিক্ষোভকারীকে লাথি মারতেও দেখা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। যদিও তাৎক্ষণিকভাবে হতাহত বা গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সংঘর্ষের কারণে ওবেলিস্ক-সংলগ্ন প্রধান সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তবে হতাশার মধ্যেও জাতীয় দলকে সম্মান জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘোষণা দেন, বিশ্বকাপের রানার্সআপ হওয়া দলকে সম্মান জানাতে জাতীয় ছুটি ঘোষণা করা হবে।

ফাইনালের পর সংঘর্ষের ঘটনা আদতে রাজনৈতিক কোন ঘটনা কিনা তার তদন্ত চলছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর