মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ৩০ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

অপরাধ, জালিয়াতি, যৌন নির্যাতন, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান এবং অভিবাসন আইন লঙ্ঘনের মতো অভিযোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুরু থেকে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) এ তথ্য জানিয়েছে।স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন বিদেশি নাগরিকদের শনাক্ত, তদন্ত এবং তাদের ভিসা বাতিলের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব ভিসা বাতিল করা হয়েছে। দেশটির সরকার বলছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হাতে থাকা সব ধরনের আইনি ব্যবস্থা ব্যবহার করা হবে।

যেসব অপরাধে বেশি ভিসা বাতিল

স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া অধিকাংশ ভিসাধারী বিভিন্ন অপরাধের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছিলেন। এসব অপরাধের মধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক-সংক্রান্ত অপরাধ উল্লেখযোগ্য।

এ ছাড়া জালিয়াতি, অর্থ আত্মসাৎ, যৌন নিপীড়ন, শিশু নির্যাতন, বেপরোয়া গাড়ি চালানো এবং অবৈধ ‘বার্থ ট্যুরিজম’-এর সাথে জড়িত থাকার অভিযোগেও অনেকের ভিসা বাতিল করা হয়েছে।

‘বার্থ ট্যুরিজম’ বলতে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসে জন্মের মাধ্যমে শিশুর নাগরিকত্ব পাওয়ার প্রচেষ্টাকে বোঝানো হয়।

স্টেট ডিপার্টমেন্ট উদাহরণ দিয়ে জানায়, শিক্ষকতা করতে যুক্তরাষ্ট্রে এসে এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। একইভাবে বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি ডলার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিতে প্রতিষ্ঠানের আর্থিক তথ্য জাল করার অভিযোগে অভিযুক্ত আরেক ব্যক্তির ভিসাও বাতিল করা হয়েছে।

এ ছাড়া গত বছর রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডকে প্রকাশ্যে উদযাপন করেছিলেন—এমন কয়েকজন বিদেশি নাগরিকের ভিসাও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। অপ্রাপ্তবয়স্ক এক ব্যক্তিকে মানবপাচারের অভিযোগে অভিযুক্ত আরেক বিদেশি নাগরিকের ভিসাও বাতিল করা হয়েছে।

‘বার্থ ট্যুরিজম’ চক্রের বিরুদ্ধেও ব্যবস্থা

স্টেট ডিপার্টমেন্ট জানায়, যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে পরিচালিত তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ চক্রের সাথে জড়িত ১০০ জনেরও বেশি ব্যক্তির ভিসা বাতিল করা হয়েছে।

জন্মসূত্রে নাগরিকত্বের নীতিকে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসন বিষয়টি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে।

ভিসা নীতিতেও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন

ভিসা বাতিলের পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে।

গত মাসের শেষ দিকে স্টেট ডিপার্টমেন্ট একটি পরীক্ষামূলক কর্মসূচিকে স্থায়ী করে। এর আওতায় আফ্রিকার বিভিন্ন দেশসহ ৫০টি দেশের নাগরিকদের নির্দিষ্ট কিছু ধরনের মার্কিন ভিসার জন্য জামানত দিতে হবে। সরকারি নোটিশ অনুযায়ী, এই জামানতের পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, গত এক দশকের বেশি সময়ের পর্যালোচনায় দেখা গেছে, কয়েক লাখ অ-অভিবাসী দর্শনার্থী ভিসার শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করেননি।

এ ছাড়া ট্রাম্প প্রশাসন সম্প্রতি আরেকটি নিয়ম চূড়ান্ত করেছে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ফেডারেল সরকারের বিশেষ অনুমোদন ছাড়া চার বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন না।

এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব মার্কওয়েন মুলিন বলেন, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের আরও কার্যকরভাবে যাচাই, তদারকি ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

একই ঘোষণায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, গণমাধ্যম ভিসাধারী বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সর্বোচ্চ মেয়াদ ২৪০ দিনে নামিয়ে আনা হয়েছে। তবে চীনা সাংবাদিকদের ক্ষেত্রে একবারে সর্বোচ্চ ৯০ দিনের জন্য অবস্থানের অনুমতি দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা নীতিতে কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে। প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর