বিশ্বমঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভার লড়াইয়ে শেষ হাসি হেসেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন তিনি। অন্যদিকে, সেরা পাঁচে জায়গা করে নেওয়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি হয়েছেন তৃতীয় রানারআপ। দেশের হয়ে পঞ্চমবারের মতো বিশ্বসুন্দরীর খেতাব জয়ের স্বপ্ন পূরণ না হলেও প্রতিযোগিতায় নিজের পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেন ১১৬ প্রতিযোগী।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস এবং মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সব প্রতিযোগিতামূলক ধাপ শেষে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। নিজের দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জিতে আনন্দে ভাসেন তিনি।