মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

যমুনার সামনে ইশরাক সমর্থকরা, সারারাত অবস্থানের ঘোষণা

ডেস্ক রিপোর্ট / ৪৯৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২১ মে, ২০২৫
যমুনার সামনে ইশরাক সমর্থকরা, সারারাত অবস্থানের ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা পর্যন্ত চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২১ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখে অবস্থান নিয়ে এ কথা জানান আন্দোলনকারীরা।

তারা জানান, আগামীকাল (বৃহস্পতিবার) উচ্চ আদালতের রায় ঘোষণা পর্যন্ত দলটির নেতাকর্মীরা অবস্থান চালিয়ে যাবেন। আদালতের রায় তাদের পক্ষে না গেলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি কাকরাইলে অবস্থান করা নগরবাসীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাদের এই আন্দোলন চালিয়ে নিতে উৎসাহ দেবো। তাদের সঙ্গে সারারাত যমুনার সামনে অবস্থান করবো।

এই বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান। তিনি বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি ও ঢাকা অচল করে দেওয়ার হুমকি দেন।

এর আগে আজ (বুধবার) সকাল ১০টা থেকে হাইকোর্ট সংলগ্ন মৎস্য ভবন ও যমুনার প্রবেশমুখে (কাকরাইল মসজিদ সংলগ্ন) অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। তারা প্রথমে মৎস্য ভবন মোড়ে জড়ো হয়ে এ পথ হয়ে সব ধরনের যানচলাচল বন্ধ করে দেন। পরে কাকরাইল মসজিদ সংলগ্ন যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। এতে ওই এলাকা হয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ছয়টা পর্যন্ত কাকরাইল মসজিদের সামনের সড়কে তাদের অবস্থান করতে দেখা গেছে।

 


এই বিভাগের আরো খবর