বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে চীন যেতে পারে মধ্যস্থতাকারীর ভূমিকায়

আন্তর্জাতিক ডেস্ক / ৫৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে চীন যেতে পারে মধ্যস্থতাকারীর ভূমিকায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে চীন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন চীনের বিশ্লেষক ও সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের সভাপতি হেনরি ওয়াং।

তিনি বলেছেন, বেইজিং চাইলে দুই পক্ষের মধ্যে একটি গ্রহণযোগ্য সমঝোতার পথ তৈরি করতে সক্ষম হতে পারে।কাতারভিত্তিক আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হেনরি ওয়াং বলেন, হরমুজ প্রণালীতে কঠোর বিধিনিষেধ ও অস্থিরতা অবসান যুক্তরাষ্ট্র ও চীন- উভয় দেশের স্বার্থের সাথে জড়িত। কারণ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়েই চীনের প্রায় ৪০ শতাংশ তেল আমদানি হয়ে থাকে।

তিনি বলেন, “আমাদের অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে এবং এমন একটি ফলাফল নিশ্চিত করতে হবে, যা ন্যায্য ও গ্রহণযোগ্য হয়।”

ওয়াংয়ের মতে, দীর্ঘস্থায়ী এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইরান- দুই পক্ষই এখন অনেকটা ক্লান্ত অবস্থায় রয়েছে। তবে সরাসরি পিছু হটার বদলে এমন একটি কূটনৈতিক পথ প্রয়োজন, যা উভয় পক্ষকে সম্মানজনকভাবে সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ দেবে।

তিনি বলেন, “দুই পক্ষেরই এখন একটি ‘সিঁড়ি’ প্রয়োজন, যার মাধ্যমে তারা মর্যাদা রক্ষা করে সংঘাত থেকে বেরিয়ে আসতে পারে। চীন সেই পথ তৈরি করে দিতে পারে।”চীনের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তিনি আরও বলেন, “প্রয়োজন হলে চীন এই যুদ্ধের অবসানে একটি কার্যকর মধ্যস্থতাকারী হতে পারে।”

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে চীন কূটনৈতিকভাবে সক্রিয় হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।

বিশেষ করে বেইজিংয়ের সাথে তেহরান ও ওয়াশিংটনের কৌশলগত যোগাযোগ থাকায় চীনকে সম্ভাব্য ‘নিরপেক্ষ সেতুবন্ধনকারী’ হিসেবেও দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

 


এই বিভাগের আরো খবর