আসন্ন পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দুটি দেশ। তিউনিসিয়া ও তুরস্কে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হবে।
রোববার (১৭ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, তুরস্ক ও তিউনিসিয়া উভয় দেশ নিশ্চিত করেছে আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজের ১ তারিখ হবে। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয় তাই দেশ দুটিতে এবার এই উৎসব হবে ২৭ মে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া।
অন্যদিকে তুরস্ক চাঁদ দেখা ছাড়াই জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে ঈদের তারিখ জানায়। দেশটি নিশ্চিত করেছে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে উদ্যাপিত হবে, তা আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় জানা যাবে। সৌদি ও সংযুক্ত আরব আমিরাত আগেই জানিয়েছে, রোববার সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।