সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১২ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৮ মে, ২০২৬
ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প

যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া থেমে থাকার জন্য ইরানকে দায়ী করে ফের সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পরপরই ইরানকে কঠোর ভাষায় এক নতুন হুমকি দেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে, ইরানকে দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে হবে।’

ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সময় ফুরিয়ে আসছে, তাদের (ইরান) দ্রুত কিছু করা উচিত, খুব দ্রুত, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’পুরো পোস্টে বড় অক্ষরে তিনি জোর দিয়ে বলেন, ‘সময় অত্যন্ত মূল্যবান!’এর ঠিক আগেই ট্রাম্প নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। সেটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এটি ছিল ঝড়ের আগের শান্ত অবস্থা।’

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবরে দাবি করা হয়েছে, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর জন্য সবচেয়ে তীব্র ও জোরালো প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোনে কথা বলেছেন এবং তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান।

নেতানিয়াহুর সঙ্গে এই ফোনালাপের মাত্র কয়েক দিন আগেই চীন সফর শেষ করে দেশে ফিরেছেন ট্রাম্প। চীন সফরকালে ট্রাম্প এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলেন বলে জানা গেছে।

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং নিজে কোনও মন্তব্য না করলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যুদ্ধের তীব্র সমালোচনা করা হয়েছে। বেইজিং এই যুদ্ধকে এমন এক সংঘাত বলে অভিহিত করেছে, ‘যা কখনই ঘটা উচিত ছিল না এবং যা চালিয়ে যাওয়ার কোনও যৌক্তিক কারণ নেই।’

এর আগে এপ্রিলের শুরুর দিকে ইরানের ‘গোটা সভ্যতা’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সেই হুমকির কয়েক দিনের মধ্যেই ৮ এপ্রিল যুদ্ধবিরতিতে যায় ইরান এবং যুক্তরাষ্ট্র।

কিছুদিন আগে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালিতে বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল এবং ইরানের ইউরেনিয়াম ইস্যুকে ভিত্তি করে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান, তবে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দিয়েছেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই দাবি করেছেন, তাদের প্রস্তাব ছিল ‘দায়িত্বশীল’ এবং ‘উদার’।

 


এই বিভাগের আরো খবর