ইরানে আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে।
এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে চেষ্টা করা নৌযানগুলোকে টার্গেট করা হয়েছে।বিবিসির প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতির বরাতে বলা হয়, এই হামলাগুলো ‘আত্মরক্ষার উদ্দেশ্যে’ চালানো হয়েছে এবং ‘ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের সেনাদের সুরক্ষিত রাখতেই’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী ‘সংযম প্রদর্শন করে নিজেদের সুরক্ষা অব্যাহত রেখেছে’।
এ হামলার খবর এমন সময় এলো, যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে সংঘাত শেষ করার জন্য কোনো চুক্তি ‘তাৎক্ষণিকভাবে হতে যাচ্ছে না’।
সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া সম্ভাব্য শান্তিচুক্তির ওপর এ হামলার কী প্রভাব পড়বে, তাও এখনো স্পষ্ট নয়।