নিউইয়র্কে বিশ্বকপের বাসে আগুন, গুলিবর্ষণের ঘটনা।ছবি: সংগৃহীত
‘নিউইয়র্ক নিকস’ এনবিএ ফাইনালে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর শিরোপা জয়ের পর নিউইয়র্ক শহরে উদযাপন ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যানহাটানের মিডটাউন ও টাইমস স্কয়ার এলাকায় হাজারো সমর্থকের উচ্ছ্বাস এক পর্যায়ে সংঘর্ষ ও ভাঙচুরে রূপ নেয়।
স্থানীয় সময় শনিবার রাতে জয় উদ্যাপনের জন্য হাজারো ভক্ত রাস্তায় নেমে আসেন। প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আতশবাজি, ধোঁয়ার গ্রেনেড ও বিশৃঙ্খল ভিড়ের মধ্যে এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত কিশোরের বয়স ১৭ বছর।
টাইমস স্কয়ার এলাকায় ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ শেষে দর্শকদের নামিয়ে দিয়ে ফেরা শাটল বাসের বহর আটকা পড়ে যায়। এ সময় শত শত উচ্ছৃঙ্খল তরুণ বাসগুলোর ওপর উঠে পড়ে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের ভাড়া করা হলুদ স্কুলবাসগুলোর অন্তত একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরও কয়েকটি বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক বাসটিকে দাউদাউ করে জ্বলতে দেখেন বলে জানিয়েছেন।
এক পর্যায়ে কেউ কেউ চালকের আসনে বসে পড়ে এবং বিভিন্নভাবে যানবাহনের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পতাকা নিয়েও অনেকে বাসের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়।
পুলিশ জানায়, রাত প্রায় ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ ও ঘোড়সওয়ার পুলিশ মোতায়েন করা হয়। লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়েছে।