বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা বাসচালকের মৃত্যু

প্রতিবেদক / ৭৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৮ জুলাই, ২০২৬
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা: মুখোমুখি সংঘর্ষে বাসচালকের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া লাকি পরিবহনের চালকসহ দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ইউনিক পরিবহন ও লাকি পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর