টানা একাদশ রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সম্ভাব্য সরবরাহ ঘাটতির উদ্বেগ বাড়তে থাকায় আবারো তেলের দাম সামান্য বেড়েছে।
রয়টার্সের তথ্যমতে, বুধবার (২২ জুলাই) লেনদেন শুরু হওয়ার পর ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৫৫ শতাংশ বা ৫০ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৯১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ০ দশমিক ৩৬ শতাংশ বা ৩০ সেন্ট বেড়ে ৮৪ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, তারা ইস্টার্ন টাইম সন্ধ্যা ৭টায় (জিএমটি ২৩:০০) ‘টানা একাদশ রাতের মতো’ ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টিতে ইরানের সক্ষমতা ক্রমাগত হ্রাস করার লক্ষ্যেই এই হামলাগুলো চালানো হচ্ছে।’