শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ভারতে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে পিটিয়ে হত্যা শাড়ি কিনে না দেওয়ায়

আন্তর্জাতিক ডেস্ক / ৪৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ভারতে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে পিটিয়ে হত্যা শাড়ি কিনে না দেওয়ায়

পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে ও পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর পূর্ব এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত ৩০ বছর বয়সী সুনীতাদেবী হরে রাম সিংহকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম হরে রাম কিষাণজী সিংহ (৩৫)। অভিযুক্ত সুনীতাদেবী ভারতের বিহারের রোহতাস জেলার বাসিন্দা।পুলিশ সূত্রের বরাতে এনডিটিভি জানায়, ১৯ জুলাই বদলাপুর পূর্বের নিজ বাসভবনে শাড়ি না আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীর ওপর হামলা চালান এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর নিজের অপরাধ ঢাকতে ঘটনাটিকে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেন অভিযুক্ত নারী।

প্রাথমিকভাবে পুলিশ একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মামলার গতিপথ বদলে যাবে।বদলাপুর পূর্ব থানা পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক নিতিন পাতিল জানান, মেডিকেল প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয় যে মৃত্যুর কারণটি স্বাভাবিক ছিল না। জোরপূর্বক শ্বাসরোধ করার ফলেই (ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া) ভুক্তভোগীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্য ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে স্ত্রীর ওপর পুলিশের সন্দেহ গাঢ় হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার স্থানীয় একটি আদালত অভিযুক্ত সুনীতাদেবীকে ২৯ জুলাই পর্যন্ত পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 


এই বিভাগের আরো খবর