রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

রাজধানী থেকে অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক / ৩৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
রাজধানী থেকে অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

ওসি মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ পায়। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সাথে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রিধিকার পরিবারের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হচ্ছে। একই সাথে ওই ব্যক্তির সাথে রিধিকার সম্পর্ক এবং মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন রিধিকা। বিভিন্ন সময় নিজের কাজের ছবি ও আপডেট প্রকাশ করতেন তিনি। গত ৩০ জুলাই তিনি সর্বশেষ পোস্ট করেন। এরপর আর তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট করতে দেখা যায়নি। এর আগে নিয়মিত নিজের কাজের খবর জানাতেন এই অভিনেত্রী।

রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরে অভিনয়েও নিয়মিত কাজ শুরু করেন। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।


এই বিভাগের আরো খবর