ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে চালক নিয়ন্ত্রণ হারালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি শিক্ষাসফরবাহী বাস সড়কসংলগ্ন খাদে উল্টে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বাসে থাকা ৪০ জন শিক্ষার্থীর মধ্যে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী একটি রিজার্ভ বাসে করে বার্ষিক শিক্ষাসফরে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রা পথে বাসটি কুমিল্লার জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ও খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা নাম চিহ্নিত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য তাত্ক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশের একটি দল খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। অপ্রত্যাশিত এই দুর্ঘটনার পর সফররত শিক্ষার্থীরা তাঁদের পূর্বনির্ধারিত ভ্রমণ সূচি বাতিল করে ফেরত গিয়েছেন।