ডেঙ্গুর প্রকোপে দেশে পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৭১ জন, যা এ বছর একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যাও।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এর আগে গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে সর্বোচ্চ ৫ জন করে মারা গিয়েছিলেন। আর ১ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।
তবে মঙ্গলবারের হিসাবে একদিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ জনে এবং নতুন রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে। ফলে চলতি বছরে একদিনে মৃত্যু ও শনাক্ত—দুই ক্ষেত্রেই নতুন সর্বোচ্চ রেকর্ড হয়েছে।