শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক গোলাগুলি

ডেস্ক / ২০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক গোলাগুলি

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।ক্যাম্পের বাসিন্দারা জানান, রাতে হঠাৎ করে ব্যাপক গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে মাইকিং করে সবাইকে ঘর থেকে বের হয়ে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়।জামতলী ক্যাম্পের বাসিন্দা রহমত উল্লাহ জানান, রাতে সশস্ত্র সংগঠনের সদস্যরা হঠাৎ গুলি চালালে ক্যাম্পবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মাইকিং করে সাধারণ রোহিঙ্গাদের সচেতন ও সতর্ক করা হয়।

স্থানীয়দের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ ও গোলাগুলিতে জড়ায়।আরেক বাসিন্দা মোহাম্মদ আজিজ বলেন, গুলির শব্দ শোনার পর মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়। তাদের ঘরের দরজার সামনে সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি রিয়াজ উদ্দিন জানান, কয়েকদিন ধরেই ক্যাম্প দুটিতে এ ধরনের পরিস্থিতি চলছিল। হাকিমপাড়া ক্যাম্প আরএসও-অধ্যুষিত এবং পাশের জামতলী ক্যাম্প আরসা-অধ্যুষিত। রাতে আরএসওর সদস্যরা জামতলী ক্যাম্পে হামলার চেষ্টা করে ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে।

তিনি বলেন, দুই পক্ষের সদস্যদের আটকের চেষ্টা চলছে। এসব সশস্ত্র সংগঠনের সদস্যদের কাছে ভারী অস্ত্র রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। এর আগে জামতলী ও হাকিমপাড়া ক্যাম্পে অভিযান চালানো হয়েছিল।ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর