বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

ডেস্ক / ২৪ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে ১ হাজার ২৯১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৯১০ জনের হাম নিশ্চিত হয়েছে। এসময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮০ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪৮ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ছয়জনের। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুজন করে এবং বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায় ৪৮৬ জন। এরপর চট্টগ্রামে ২৬০ জন, সিলেটে ১৬৪ জন, বরিশালে ১২৩ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ৮৫ জন, রংপুরে ৩৫ জন এবং রাজশাহীতে ২৭ জন শনাক্ত হয়েছেন।

এসময়ে নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যাও ঢাকায় সবচেয়ে বেশি, ৮২ জন। চট্টগ্রামে ১৩ জন এবং রংপুরে সাতজনের হাম নিশ্চিত হয়েছে।এদিকে, চলতি বছরের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে ২ কোটি ৪ লাখ ২২ হাজার ৫৫৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এতে মোট টিকা দেওয়ার হার দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৪ শতাংশ।


এই বিভাগের আরো খবর