মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সাভারে জুতার মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭ দোকান

ডেস্ক / ৭৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সাভারে জুতার মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭ দোকান

সাভারের ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকার একটি জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতটি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

সোমবার রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সাজ্জাদ পাদুকা মার্কেটে (অন্ধ মার্কেট সংলগ্ন) একটি দোকান থেকে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে পরবর্তীতে আরও দুটি ইউনিট তাদের সাথে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।​আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে দোকানিরা তাদের দোকানে নতুন জুতার বিপুল কালেকশন তুলেছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি দোকানের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

​পুড়ে যাওয়া এক দোকান মালিক জানান, ঈদের বাজারের জন্য সব পুঁজি খাটিয়ে নতুন মাল তুলেছিলাম। চোখের সামনে সব শেষ হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। এখন আমি পথে বসে গেলাম।

​ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে যাওয়া মালামালের আর্থিক মূল্য কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। অধিকাংশ ব্যবসায়ী ব্যাংক ঋণ ও ধারদেনা করে মালামাল তুলেছিলেন, যা এখন ছাইয়ে পরিণত হয়েছে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা জোন-০৪ এর উপসহকারী পরিচালক, হাফিজুর রহমান জানান, ঘনবসতিপূর্ণ এলাকা এবং সরু রাস্তার কারণে শুরুতে ঘটনাস্থলে পৌঁছাতে ও কাজ শুরু করতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।

আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি কাজ করবে বলে জানান তিনি।​বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তবে শেষ সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরো খবর