নিপীড়নের বিরুদ্ধে ফুসে উঠেছে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এক নারী শিক্ষার্থীকে নিপীড়নের প্রতিবাদে লাগাতার বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটা ত্রিশ মিনিটের দিকে একটি বিক্ষোভ ও মশাল মিছিল ক্যাম্পাসের টারজান পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।
এতে বিভিন্ন স্লোগান তুলে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে এক বহিরাগতের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে তার গলায় রুমাল বা দড়ি সদৃশ কিছু পেঁচিয়ে ধরে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে যায়।
এ সময় সড়ক দিয়ে মোটরসাইকেলে করে কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিলেন। ভুক্তভোগীর চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা জঙ্গলের পাশ থেকে ওই শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ওই এলাকায় দেখা গেছে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি।পরে রাত ২টার দিকে নিরাপত্তা শাখার কার্যালয়ে ভুক্তভোগী শিক্ষার্থীসহ কয়েকজন নারী শিক্ষার্থী, প্রক্টর ও জাকসুর নেতারা মিলে সিসিটিভি ফুটেজ দেখেন। কার্যালয়ের বাইরে অন্য শিক্ষার্থীরা অবস্থান করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতিদ্রুত দোষীকে খুঁজে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রক্টর।