বিদেশগামী নাগরিকদের প্রতারিত করে নকল ওয়েবসাইট, ভুয়া কিউআর কোড এবং সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রদানকারী এক সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
গত রোববার (১৬ আগস্ট) বাঁশখালী ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আশরাফ আলী খান (৩৬), মো. নিশান (৩৬), মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪৮) এবং মো. আব্দুর রহমান (৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার কথা বলে বিদেশগামী এক নাগরিকের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরবর্তীতে ভুয়া সনদ তৈরি করে তা বিশ্বাসযোগ্য করতে আসল ওয়েবসাইটের আদলে একটি নকল ওয়েবসাইট ও কিউআর কোড তৈরি করা হয়। কিউআর কোড স্ক্যান করলে চক্রটির তৈরি ভুয়া ওয়েবসাইটে তথ্য প্রদর্শিত হতো। ভুক্তভোগী ট্রাভেল এজেন্সিতে সেই সনদ জমা দিলে জালিয়াতি ধরা পড়ে এবং তিনি চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। তিনি সর্বসাধারণকে দালাল বা মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সঠিক সরকারি নিয়মে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার আহ্বান জানান।