পর্যটক হয়রানির অভিযোগে সিলেটের তামাবিল হাইওয়ে থানার ৪ পুলিশ বরখাস্ত
চোরাচালানবিরোধী তল্লাশির নামে জাফলংগামী পর্যটকদের হয়রানি ও বিব্রত করার অভিযোগে সিলেটে হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক অফিস আদেশে তামাবিল হাইওয়ে থানায় কর্মরত ওই পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে সিলেট রিজিয়নের পুলিশ সুপার দীপক জ্যোতি খৃষা জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার দীপক জ্যোতি খৃষা এ বিষয়ে স্পষ্ট করে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যেকোনো ব্যক্তি বা যানবাহনকে তল্লাশি করার আইনগত অধিকার পুলিশের রয়েছে। তবে তল্লাশির অজুহাতে সাধারণ মানুষকে অযথা হয়রানি বা অন্যায় কোনো সুবিধা আদায়ের সুযোগ নেই। পরিবার বা কেনাকাটা নিয়ে ফেরা কোনো পর্যটককে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা অন্যায়।” বরখাস্ত হওয়া সদস্যদের মধ্যে সরাসরি ঘটনায় জড়িত দুজন এবং আগের দিন দায়িত্ব পালনকারী দুজন রয়েছেন বলে জানান তিনি।
উলেখ্য, সীমান্তঘেঁষা সিলেটে চোরাচালান প্রতিরোধে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। তবে বিভিন্ন পর্যটনকেন্দ্রগামী মহাসড়কে সাধারণ পর্যটকদের ব্যাগ ও গাড়ি তল্লাশির নামে অতিরিক্ত হয়রানির অভিযোগ উঠছিল। স্থানীয় ব্যবসায়ী ও ভ্রমণপিপাসুদের মতে, অপরাধ দমনে পুলিশি তৎপরতা প্রশংসনীয় হলেও তা যেন কোনোভাবেই সাধারণ পর্যটকদের দুর্ভোগ ও সিলেটের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণের কারণ না হয়।