বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চম জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চম জয় রিয়ালের

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে পিএসভি আইন্দহফেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের মধ্য দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের টানা পঞ্চম জয় তুলে নিল স্প্যানিশ জায়ান্টরা।ম্যাচের শুরুটা অবশ্য রিয়ালের অনুকূলে ছিল না; প্রথমার্ধে পিএসভি শুধু লড়াইই করেনি, রিয়ালকে বেশ অস্বস্তিতেও ফেলেছিল। একপর্যায়ে পিএসভির রুবেন ফন বোমেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, আর অন্য প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়রের শট গিয়ে লাগে ক্রসবারে।

এরপর বক্সে স্ভেন মেইনান্সের পায়ে অরেলিয়াঁ চুয়ামেনি পা লাগালে পেনাল্টি পায় পিএসভি এবং তা থেকে গোল করে দলকে এগিয়ে নেন ক্রোয়েশিয়ান উইঙ্গার ইভান পেরিসিচ। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা, আর রিয়াল শিবিরে তখন চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। কোচ জোসে মরিনিও বিরতির পর একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন, যার মধ্যে অন্যতম ছিলেন জুড বেলিংহাম। ফিটনেসের সামান্য সমস্যার কারণে শুরুর একাদশে না থাকলেও বেলিংহাম মাঠে নামতেই বদলে যায় রিয়ালের শরীরী ভাষা।

বিরতির মাত্র পাঁচ মিনিট পরই সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের পাস থেকে আরদা গুলেরের নিখুঁত ব্যাকহিলের পর ফেদেরিকো ভালভের্দের জোরালো শটে বল জালে জড়ালে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্প্যানিশ দলটি।এরপর দৃশ্যপটে আসেন জুড বেলিংহাম। বক্সের বাইরে বল পেয়ে তা সামান্য ওপরে তুলে নিয়ে দুর্দান্ত এক ভলিতে জালে পাঠান তিনি, যেখানে অসহায় দর্শক হয়ে দাঁড়িয়ে ছিলেন পিএসভি গোলকিপার মাতেই কোভার। মৌসুম শেষে এই গোলটি সেরা গোলের অন্যতম দাবিদার হয়ে থাকতে পারে।

পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের পর গোলের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়রও। বেলিংহামের পাস থেকে বল জালে জড়িয়ে গত আগস্টের পর রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের গোলখরা কাটান এই ব্রাজিলিয়ান তারকা।এই জয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই জিতল রিয়াল মাদ্রিদ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়ের ধারা বজায় রাখল। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের এই আসরে চতুর্থবারের মতো শুরুর পাঁচ ম্যাচে জয় পেল রিয়াল; এর আগে যে তিনবার তারা এমন শুরু করেছিল, প্রতিবারই অন্তত সেমিফাইনালে উঠেছিল দলটি।


এই বিভাগের আরো খবর