ফেনীর ছাগলনাইয়ায় ছোট বোনের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাইদুল ইসলাম (৩২)। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা ইউটার্ন এলাকায় দ্রুতগতির একটি বাস তার অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা সাইদুল ও অটোরিকশার আরেক যাত্রীকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাইদুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। জানা গেছে, চট্টগ্রামের বারইয়ারহাট বাজার থেকে বোনের বিয়ের কেনাকাটা শেষে নিজ অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। পথে পেছন থেকে আসা স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খাঁন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং বাসটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।