নীলফামারীর সৈয়দপুরে বরের বাড়িতে বৌভাতের দাওয়াতে এসে খাবার খেয়ে কনের সাত আত্মীয়-স্বজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন চিকিৎসক।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিষ্টানপাড়ায় এ ঘটনা ঘটে।সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি সাতজন হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লাল্টুর স্ত্রী বাবলি, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরিদের স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।
জানা যায়, কয়েকদিন আগে হাতিখানা কবরস্থানের পেছনের খ্রিষ্টানপাড়ার শুভর সঙ্গে সৈয়দপুরের কামারপুকুর বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরীর বিয়ে হয়। শনিবার বর ও কনেকে নিয়ে যেতে গৌরীর আত্মীয়-স্বজন শুভর বাড়িতে আসেন।
সেখানে বৌভাতের খাবার খাওয়ার পরই একে একে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে তাদের পর্যায়ক্রমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. শাবাব বলেন, বমি ও তীব্র পেটব্যথা নিয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন। তাদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সুস্থ হলে তাদের ছাড়পত্র দেওয়া হবে