হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী কাজী রেজার (১৬) মৃত্যুর খবরে পরিবার, স্বজন, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোক নেমে এসেছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মাত্র একদিন আগে রবিবার (৯ আগস্ট) শ্বাসকষ্টজনিত সমস্যায় হঠাৎ তার মৃত্যু হয়।
কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় ছিল সে ও তার পরিবার।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় রেজা। পরে তার মৃত্যু হয়। আকস্মিক এই ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। ফল হাতে পাওয়ার অপেক্ষায় থাকা রেজা ফল প্রকাশের মাত্র একদিন আগেই চলে গেল না ফেরার দেশে। যে সময়টিতে তার পরিবারে ফল নিয়ে আনন্দের প্রস্তুতি থাকার কথা ছিল, সেখানে নেমে এসেছে শোকের ভার।
একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন রেজার বাবা-মা ও স্বজনরা। প্রিয় সহপাঠীকে হারিয়ে শোকে কাতর তার সহপাঠীরাও। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চক্রামপুরে নিজ বাড়িতে কাজী রেজার জানাজা অনুষ্ঠিত হয়।