শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ৯ মৃত্যু; ইয়ার্ডে ভাঙচুর, সেনাবাহিনী মোতায়েন

ডেস্ক / ২৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ৯ মৃত্যু; ইয়ার্ডে ভাঙচুর, সেনাবাহিনী মোতায়েন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহত ও অসুস্থদের মধ্যে শিপইয়ার্ডের শ্রমিকের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ইয়ার্ডে ঢুকে ভাঙচুর চালিয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।প্রাথমিকভাবে জানা গেছে, ইয়ার্ডে থাকা একটি পুরোনো এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে দুর্ঘটনার কারণ নিয়ে ইয়ার্ড কর্তৃপক্ষের দুই কর্মকর্তার বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ ট্যাংক লিকেজ থেকে গ্যাস ছড়ানোর কথা জানিয়েছেন। অন্যদিকে, ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ দাবি করেছেন, জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বিষাক্ত গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে সমুদ্রে ইলিশ শিকার শেষে ফেরার সময় জেলেরা ইয়ার্ডসংলগ্ন খালে ঢুকতে পারেননি। পরে গন্ধ এড়িয়ে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়াতে হয় তাদের।

এদিকে ইয়ার্ডের ভেতরে স্বজন ও প্রতিবেশীদের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ইয়ার্ডে ঢুকে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর