ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। অন্যদিকে ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়। এতে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি লোকাল যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। আর ট্রাকটি সড়কের পাশে থাকা বিদ্যুৎ সাবস্টেশনের গেটের কাছে একটি খুঁটিতে ধাক্কা খেয়ে আটকে পড়ে।
দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালক ও সহকারীসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খুঁটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
বোয়ালমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম উৎপল মণ্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার মধ্যে সড়ক থেকে দুর্ঘটনার ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি জানান, বাস ও ট্রাকের চালক-সহকারীসহ আহতরা বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।