সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মোরিনিয়োর সাথে শুভসূচনা রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক / ৩৯ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
মোরিনিয়োর সাথে শুভসূচনা রিয়াল মাদ্রিদের

স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেই চরম রোমাঞ্চ উপহার দিয়ে শুভসূচনা করল রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের মাঠে শুরুতেই এগিয়ে গিয়েও ড্রয়ের শঙ্কায় পড়া রিয়ালকে এক পয়েন্টের ফাঁদ থেকে উদ্ধার করেছেন ২১ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড কার্লোস এস্পি। বদলি হিসেবে নেমে শেষ মুহূর্তে গোল করে দলকে ২-১ ব্যবধানের নাটকীয় জয় এনে দিয়েছেন তিনি।

দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্বে ফেরা কোচ জোসে মরিনিয়োর অধীনে ম্যাচের নবম মিনিটেই গোলের দেখা পায় গ্যালাকটিকোরা। আর্দা গুলেরের নেওয়া নিখুঁত ফ্রি-কিকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি স্বাগতিক এস্পানিওল। ম্যাচের ৩০তম মিনিটে চমৎকার এক পাল্টা আক্রমণে ছয় গজ বক্সের সামনে থেকে কোর্তোয়াকে পরাস্ত করে এস্পানিওলকে সমতায় ফেরান কালা।

বিরতির পর আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমজমাট হয়ে উঠলেও রিয়ালের একের পর এক চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল। ৭৭তম মিনিটে ফেদে ভালভের্দের দুর্দান্ত একটি শট বারে লেগে ফিরে আসলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে সফরকারীরা।

পরিস্থিতি সামাল দিতে ৮০তম মিনিটে জুড বেলিংহ্যামকে তুলে নিয়ে গত জুলাইয়ে লেভান্তে থেকে ক্লাবে যোগ দেওয়া তরুণ ফরোয়ার্ড কার্লোস এস্পিকে মাঠে নামান মরিনিয়ো। কোচের এই চালই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ডি-বক্সে পজেশন হারালে বিদ্যুৎবেগে সেখানে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন এস্পি। মাঠে নামার মাত্র ১০ মিনিটের মাথায় এস্পির করা এই গোল রিয়াল মাদ্রিদের পুরো তিন পয়েন্ট নিশ্চিত করে।


এই বিভাগের আরো খবর