সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

জৈন্তাপুরে নিজপাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

মোঃ বদরুল হাসান জৈন্তাপুর প্রতিনিধি / ১৯২ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Oplus_131072

জৈন্তাপুরে নিজপাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নাগরিক হয়রানির অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী আন্দোলন সংগঠন ‘মাদকবিরোধী আন্দোলন, জৈন্তাপুর’-এর পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দেওয়া হয়। অভিযোগে সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ তারিখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জনসম্মুখে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এছাড়া গত ২২ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক নাগরিককে হয়রানি করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজসহ প্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আইনানুগ দায়িত্ব পালন, জনসাধারণের সঙ্গে শালীন ও ন্যায়সংগত আচরণ এবং সরকারি সেবা নিরপেক্ষভাবে প্রদানের ক্ষেত্রে বিশেষভাবে দায়িত্বশীল। তাই তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

অভিযোগপত্রে আরও বলা হয়, তদন্ত কার্যক্রম যেন কোনো ধরনের রাজনৈতিক, ব্যক্তিগত বা স্থানীয় প্রভাবমুক্তভাবে সম্পন্ন হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন, বিধি-বিধান ও জনপ্রতিনিধিদের দায়িত্ব-আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মাদকবিরোধী আন্দোলন, জৈন্তাপুরের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগকারী ও সংশ্লিষ্ট নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করারও অনুরোধ জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর