সিলেট মহানগরের অর্ধশতাধিক এলাকায় রবিবার তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন এলাকায় এ বিদ্যুৎ বিভ্রাট হবে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিউবোর নির্বাহী প্রকৌশলী অমিক সরকার।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, বাগবাড়ী, আখালিয়া, তপোবন আবাসিক এলাকা, শাবিপ্রবি ও বিজিবি সংলগ্ন এলাকা।এ ছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শিল্প এলাকা, টুকেরবাজার, লামাকাজী, এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতাল এলাকাতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।