আ.লীগ নেতা মিসবাহ সিরাজকে অপহরণের পর কুপিয়ে জখম
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণের পর কুপিয়ে জখম করা হয়েছে। এরপর কোটি টাকা মুক্তিপণ দিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা। এরপর তিনি নগরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে নগরের সুবিদবাজার এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সগরের সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।
অপহরণ হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকটি মোটরসাইকেলে যুবকরা তার অটোরিকশার গতিরোধ করে। এসময় অস্ত্রেরমুখে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়, এমনটি জানায় সূত্র।
এরপর রাত সাড়ে ৩টা সাগরদিঘীরপাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাগীব বাবেয়া হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে ভোররাত ৪টার দিকে নগরের সোবহানীঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁর শরীরে অস্ত্রোপচার হয়। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং এভারগ্রীনের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়।